বৈশালী, রাজীবদের নিজের কেন্দ্রে হারানোর চ্যালেঞ্জ অরূপের - The News Lion

বৈশালী, রাজীবদের নিজের কেন্দ্রে হারানোর চ্যালেঞ্জ অরূপের




দি নিউজ লায়ন ; রাজীব, বৈশালী যারাই দল ছেড়ে বিজেপিতে গেছেন, তাঁরা নিজেদের কেন্দ্রে প্রার্থী হলে তাঁদের গ্যারান্টি দিয়ে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা অরূপ রায়। মঙ্গলবার সকালে হাওড়ার ডুমুরজলায় মাঠ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, আমাদের দল ছেড়ে যারা যারা বিজেপিতে গেছেন, তাঁরা নিজের বিধানসভা কেন্দ্রে প্রার্থী হলে, গ্যারান্টি দিয়ে বলছি কিভাবে এদের হারাতে হয় দেখব। 


এদিন অরূপ রায় রাজীব প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেন, "রাজীব বিজেপিতে গেছেন এতে চিন্তার কারণ নেই। আপদ বিদায় হয়েছে। রাহুমুক্ত হয়েছে দল। টিভিতে দেখেছি রাজীব চলে যাওয়ায় সেখানকার মানুষ আনন্দে মিষ্টি বিলি করছে। কেউ যদি নিজেকে ( রাজীব ) কেউকেটা মনে করে, হরিদাস পাল মনে করে তাতো হয়না।" বৈশালী ডালমিয়া প্রসঙ্গে অরূপবাবু বলেন, "উনি কবে দল করলেন ? দলের টিকিটে বিধায়ক হয়েছিলেন। এখন দলকে গালাগাল দিচ্ছেন। বৈশালী নিজের কেন্দ্রে প্রার্থী হয়ে দেখুক না, কত ভোটে হারাব হিসেব করে নেবেন।"


 বাঁকড়ার ঘটনা প্রসঙ্গে এদিন অরূপ রায় বলেন, "বিজেপির ছেলেরা ওইদিন ডুমুরজলার মিটিং থেকে ফেরার পথে বাস ভাঙচুর করেছে। লোককে বাস থেকে নামিয়ে মারধর করেছে। বিজেপি কোনও দলই নয়। আমাদের ছেলেরা যদি মারতে শুরু করে তাহলে ওরা বাংলা নয়, বাংলার সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালিয়ে যাবে। কিন্তু আমরা হিংসায় বিশ্বাস করিনা বলেই বাংলায় সব প্রান্তে শান্তি আছে। আমাদের সভায় বাইরে থেকে লোক আনতে হয়না।  কয়েকটা বিধানসভা কেন্দ্রের লোকেরাই যথেষ্ট। রাজ্যের নেতৃত্বকেও আমাদের আনতে হয়না। যদি ওরা প্রধানমন্ত্রীকে এনে সভা করে, তখন আমরা মুখ্যমন্ত্রী, রাজ্য নেতৃত্বকে ডাকব।" 


উল্লেখ্য, আগামী রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। ৭ ফেব্রুয়ারী সেই সভা হবে। এর আগে আজ মঙ্গলবার সকালে সভাস্থল পরিদর্শন করেন দলের হাওড়া সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক জটু লাহিড়ী সহ অন্যান্য নেতৃবৃন্দ। কোন জায়গায় সভা হবে সেই স্থান চূড়ান্ত করতেই এদিন ডুমুরজলা ময়দানে আসেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.